উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই জাতীয় সনদের আলোকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ আলোচনার পরও বিরোধী দলকে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি পদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী দল সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নিলে সনদের প্রস্তাব অনুযায়ী তাদের সভাপতি পদ দেওয়া হবে। এজন্য সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে তাদের প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়। তবে কোনো কমিটিতে যোগ দেওয়ার শর্তে সভাপতি পদ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দল।
রোববার রাতে অনির্ধারিত এই বিতর্কে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিতর্কের কারণে নতুন কোনো সংসদীয় কমিটি গঠন না করে কেবল চারটি কমিটি পুনর্গঠন করা হয়। সংসদে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ১১টি বিষয়ভিত্তিক কমিটির মধ্যে গঠিত ১৫টির কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদ পেয়েছেন বিরোধীদলীয় উপনেতা তাহের।
বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, সংসদে বিরোধী দলের আসন প্রায় ২৬ শতাংশ হওয়ায় আসন অনুপাতে ১০টি ও সনদে উল্লিখিত ৪টিসহ মোট ১৪টি কমিটির সভাপতি পদ তাদের পাওয়ার কথা। তিনি স্পষ্ট করেন, সরকারের সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবেন না এবং একটির সঙ্গে অন্য বিষয়ের শর্তারোপ করা গ্রহণযোগ্য নয়।
চিফ হুইপ নূরুল ইসলাম অতীতে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার রেওয়াজ ছিল না বলে দাবি করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল জুলাই সনদের ভিত্তিতে দাবি তুললেও তা বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা না করা বিপরীতমুখী অবস্থান। পরবর্তীতে ডেপুটি স্পিকার কায়সার কামাল দেশের স্বার্থে উভয় পক্ষকে ঐক্যবদ্ধ থাকার এবং প্রয়োজনে রুদ্ধদ্বার বৈঠক করার আহ্বান জানান।