উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২৯ আগস্ট ২০২৬,প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আজ শনিবার (২৯ আগস্ট) উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই বিশাল চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে কয়েক হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা, এমপি-র নির্দেশনায় এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।
দিনব্যাপী এই ক্যাম্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় খাদ্যমন্ত্রী বলেন,"প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতে জেলার অন্যান্য স্থানেও অব্যাহত থাকবে।"
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা প্রসঙ্গে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, "আজ আমরা অসহায় রোগীদের শুধু বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নয়, বরং প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছি। এর পাশাপাশি ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি (নাক-কান-গলা), ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিশেষজ্ঞ বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক এবং ১০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী সরাসরি এই সেবা প্রদানে নিয়োজিত আছেন। অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই আমাদের মূল অঙ্গীকার।"
এ সময় মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, "বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম সাময়িক নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলার বিভিন্ন দুর্গম ও প্রান্তিক এলাকায় আমরা বিনামূল্যে এই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।"
দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে সাটুরিয়া ও ধানকোড়া এলাকার কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু সেবা নিতে ভিড় জমান। চিকিৎসা নিতে আসা রোগীদের প্রাথমিক সেবার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিশেষ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়। ক্যাম্প থেকে চিকিৎসা নেওয়া কোনো রোগীর পরবর্তীতে অস্ত্রোপচারের (অপারেশন) প্রয়োজন হলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি টেস্টে ৩৫% এবং সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়।
নিজের দোরগোড়ায় এমন বিশেষায়িত সেবা পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। নিখরচায় মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ হাতে পেয়ে বহু অসহায় রোগী মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মন্ত্রী মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।