উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মাদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতি ও প্রতিনিয়ত দুর্ঘটনার জন্য দায়ী ‘সেলফি পরিবহন’ বয়কট এবং অবিলম্বে এই পরিবহনের চলাচল বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিযাখোড়া ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি ক্ষুব্ধ বিক্ষোভ র্যালি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে সেলফি পরিবহন বয়কট এবং এর রুট পারমিট বাতিলের দাবিতে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সেলফি পরিবহন কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে দিন দিন চরম বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। এদের রেষারেষি ও অসাবধানতার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। অনেক তাজা প্রাণ ঝরে গেছে, অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন পঙ্গুত্বে পরিণত হয়েছে এবং বহু মায়ের কোল খালি হয়েছে। অনেকেই আজ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।"
বক্তারা আরও বলেন, সড়ক সুরক্ষায় প্রশাসন কঠোর না হলে সেলফি পরিবহনের এই ‘মৃত্যুকূপ’ বন্ধ হবে না। অবিলম্বে সড়ক দুর্ঘটনা রোধে সেলফি পরিবহন বয়কটের আহ্বান জানানোর পাশাপাশি এই পরিবহনের এবং দায়ী চালকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা ঢাকা-আরিচা মহাসড়ককে নিরাপদ করতে এবং তাঁদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।