উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ আগামী ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে সবসময় প্রকৃত চিত্র দেয় না। তবে গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।
আইডিআরএ চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সাথে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে। পাশাপাশি আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি এবং তিন থেকে চার মাসের মধ্যে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’ চালু হবে।
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে সঙ্কটে থাকা সাত থেকে আটটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু করা হবে। আইআরএফের সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন এবং প্রধান আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস।