উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির ‘সেলফি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
আজ ২৮,০৮,২০২৬,শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী সেলফি পরিবহনের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা এলাকায় জড়ো হয়, ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রতিযোগিতা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সরকারি কোনো নীতিমালার তোয়াক্কা না করেই ড্রাইভাররা গাড়ি চালিয়ে থাকেন। চালকদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এই রুটে প্রায়শই রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটছে।
এক প্রত্যক্ষদর্শী আক্ষেপ করে বলেন, "সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে একের পর এক প্রাণ যাচ্ছে। এদের এখনই আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করা দরকার। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।"
এ বিষয়ে পুলিশ জানান ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করার প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।