উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসী লস্কর হৃদয়ের স্ত্রী হাফসা আক্তারের সঙ্গে কিশোর গ্যাং লিডার মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্নার প্রেমের সম্পর্ক ছিল। হৃদয় প্রবাসে থাকলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় ক্ষিপ্ত হন মুন্না। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় গত সোমবার মুন্না ও তার সহযোগীরা হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় মুন্না, রাসেল, বিল্লাল ও সাইফুলসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা ও প্রেমের টানাপোড়েন কাজ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।