উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হকি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। আমস্টেলভিনে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ৫-৩ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এই পরাজয়ের ফলে বিশ্বকাপে ভারতের ৫১ বছরের দীর্ঘ পদক জয়ের খরা অব্যাহত থাকল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। প্রথম মিনিটে হোয়াকিন তোসকানি এবং ষষ্ঠ মিনিটে নিকোলাস দেয়া তোরে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দশম মিনিটে সুকজিত সিং একটি গোল করে ব্যবধান কমালেও ভারতের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে মাইকেল দোমেন দুই গোল এবং লুকাস তোসকানি আরও এক গোল করে ব্যবধান ৫-১ এ নিয়ে যান।
ম্যাচের শেষ দিকে সুকজিত সিং নিজের দ্বিতীয় গোল এবং হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করলেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। আগামী ২৮ আগস্ট প্রথম সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ভারত।