উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই মিছিলটি বের করা হয়। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও স্থানীয় পুলিশ এ বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে।
রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলে অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটিতে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি সংবলিত ব্যানার দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ফাঁকা থাকার সুযোগে ২০-২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। কয়েক মিনিট স্থায়ী এই মিছিল শেষে তারা দ্রুত সটকে পড়েন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মিছিলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।