উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দ্রুত খুলে দেওয়া, ৪৪টি শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল এবং গ্যাসসংকটের নামে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে শ্রমিক মজলিস। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মসংস্থান ও শ্রমিক কার্ড চালুর দাবি জানান।
তিনি বলেন, অবৈধভাবে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে গড়ে ওঠা রাজনৈতিক সিন্ডিকেটও বন্ধের আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক মজলিস। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।