উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের জেদ্দায় ওআইসি কাউন্সিলের বিশেষ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল-মাশআনের সঙ্গে এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চলমান মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যৌথ কমিশনের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। বৈঠকে উভয় দেশের সম্পর্কের সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।