উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাতারের সঙ্গে জ্বালানি ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষাতে এই দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি আঞ্চলিক সংলাপ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশে এলএনজি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ জানান।