উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনী ব্যবসায়ী মো. নওশাদের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ী এসব তথ্য জানান। গত এক বছর ধরে মপটা ফোর নামের তার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নওশাদ জানান, আশিক বাহিনীর প্রধান আশিক তাকে ফোন করে ব্যবসা বন্ধ করে অথবা ১০ লাখ টাকা চাঁদা ও প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে বলেন। তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে ডিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে কোনো সত্যতা না পেয়ে তাকে স্বসম্মানে ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।
সবকিছুতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনী এখন মিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীকে দিয়ে তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে ছড়াচ্ছে বলে নওশাদ অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন লোক দিয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগও করানো হচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।