উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যা গরমের তীব্রতা কমাবে।
পূর্বাভাস অনুযায়ী, ৩০ ও ৩১ আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এছাড়া মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৮ ও ২৯ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং গরমের অনুভূতি কমতে পারে।