উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও এই আয়োজনের ব্যয়ভার সরকার বহন করবে না। তবে বেসরকারি স্পনসরদের মাধ্যমে ম্যাচটি আয়োজন করা সম্ভব হলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশনের আয়োজনে কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান। আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল, যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।
ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় বাফুফে সরকারের সহযোগিতা চাওয়ার ইঙ্গিত দিয়েছিল। এ বিষয়ে আমিনুল হক বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের ব্যয়ের চাপ রয়েছে। তাই একটি ফুটবল ম্যাচের জন্য সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করতে আগ্রহী নয়। তবে বাফুফে স্পনসর সংগ্রহ করতে পারলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, ব্রাজিলের ঢাকা সফর এখনো চূড়ান্ত হয়নি এবং বাফুফে সভাপতির সঙ্গে এ নিয়ে কেবল প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি মনে করেন, এই ম্যাচটি হলে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হবে এবং দর্শকরা উপভোগ করবেন। তবে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শুধু একটি ম্যাচ যথেষ্ট নয়, বরং আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।