উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও শ্যাডো রিপোর্টের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদনটি জাতিসংঘের সিডও কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভ্যালিডেশন কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ (সিআইসি-বিডি) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
কর্মশালায় সিডও শ্যাডো রিপোর্টের খসড়া উপস্থাপন করেন জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা বেগম। এরপর নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি চূড়ান্ত রূপ দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ইউএন উইমেনের তপতী সাহা এবং বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় অ্যাকশন এইড, মানুষের জন্য ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৫২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।