উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে একযোগে ওয়াকআউট করেছে বিরোধী দল। একই সঙ্গে বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপন এবং গুরুত্বপূর্ণ সংস্কার অর্ডিন্যান্স ল্যাপস হতে দেওয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।
সংসদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানান, বিগত বছরের তুলনায় ২০২৬ সালে খুন, ধর্ষণ ও মব সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালের প্রথম আট মাসে যেখানে ২,৬০৭টি খুনের ঘটনা ঘটেছিল, ২০২৬ সালের একই সময়ে তা কমে ২,৩৩২টিতে নেমে এসেছে। এছাড়া সংখ্যালঘু সহিংসতা ৯৯৯টি থেকে কমে ১৬৩টিতে নেমেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, বিগত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়ে বাংলাদেশ এখন নিজস্ব মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে। এছাড়া গঙ্গা চুক্তির নবায়নে ভারতের কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়নের কাজ শুরু হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সংসদে জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৫ সহ মেগা প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধির পেছনে কোনো দুর্নীতি নেই, বরং সুদের হার ও ডলারের দাম বাড়ার কারণে এটি হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের তীব্র সমালোচনা করে বলেন, মানুষ এখন রসিকতা করে বলছে ‘টুকু আসে টুকু যায়’।