উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করে সরকারকে ৬ দফা দাবি মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার কেরানীহাটের সি ওয়ার্ল্ড হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, তেল, গ্যাসসহ জ্বালানি সংকটে জনজীবন হুমকির মুখে পড়েছে। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা ঢাকতে তারা জনবিরোধী কাজ করতেও দ্বিধা করছে না। এই সংকট মোকাবিলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে এবং সরকারকে দ্রুত জনবান্ধব দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে। লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।