উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিবুল হক রাশেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের ফিশারিঘাট এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক হোটেলের দোতলার বারে বসেছিলেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য পক্ষ বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে আনে। তারা বারে ঢুকে রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর অভিযান চালিয়ে মধ্যম নুনিয়ারছড়া এলাকা থেকে সোলাইমান (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতে ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান জানান, বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আলামত সংগ্রহ ও তদন্তের স্বার্থে রেনেসাঁ হোটেলের বারটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।