উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সিইসি সাংবাদিকদের জানান, স্থানীয় সরকারের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে নির্বাচন উপযোগী পরিষদগুলোতে প্রথমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, বছরের শেষ দিকে নির্বাচন শুরু করতে হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসেই তফসিল দিতে হবে। বন্যা, দুর্গাপূজা, পরীক্ষা এবং আগামী বছরের রমজান ও বর্ষা মৌসুমের বিষয়গুলো বিবেচনা করে শীতকালের উপযোগী সময়েই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।
ইসি জানিয়েছে, ২০২১ সালের মতো এবারও প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রধান টার্গেট করা হয়েছে। ভোটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজতর করা এবং এনআইডি জালিয়াতি নিয়ন্ত্রণে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও সিইসি উল্লেখ করেন।