উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রায়ই নানা মন্তব্যের মাধ্যমে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা করার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
আবদুল্লাহ তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মন্তব্য করেছেন যে এগুলো পল্টন বা শাহবাগ না। কিন্তু ওনার মনে রাখা উচিত ছিল, আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেটি শাহবাগেরই অবদান। শাহবাগই ওনাকে আজকের অবস্থানে বসিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি এখন বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে, অতীতে আওয়ামী লীগও তা করেনি। সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর গঠিত এই সরকারের সময়ে বিএনপি বৈষম্যে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটের কথা উল্লেখ করে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিও অত্যন্ত নাজুক। অথচ প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও দেশে দুর্নীতি ও চাঁদাবাজি লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংসদে স্পিকার পক্ষপাতিত্ব করছেন। সরকারের সংসদীয় স্বেচ্ছাচারিতা ও স্বৈরতন্ত্রের প্রতিবাদে তারা বিল পাসের আলোচনায় অংশ না নিয়ে সংসদ অধিবেশন বয়কট করেছেন।