উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শুনে জবাব দিতে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। আগামী ২৯ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ‘সমস্যা বলুন, জবাব নিন’ শীর্ষক চতুর্থ টাউন হল সভা অনুষ্ঠিত হবে।
এই আয়োজন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়, বরং নিয়মিত জবাবদিহি করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকাই মূল দায়িত্ব। টাউন হল সভার মাধ্যমে সরাসরি নাগরিকদের কথা শুনে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, কেবল সমস্যা শুনে রাখাই এ আয়োজনের উদ্দেশ্য নয়, বরং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের পথ বের করাই মূল লক্ষ্য। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উক্ত সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। নাগরিক সমস্যা সমাধানে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।