উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। একই সময়ে দীর্ঘ সাড়ে নয় বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষে নতুন ভূমিকায় যাচ্ছেন ড. ফাহমিদা খাতুন।
সিপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির ৬৮তম বোর্ড সভায় ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ড. ফাহমিদা খাতুনের নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়েছে। তিনি ২০০৩ সাল থেকে সিপিডির সাথে যুক্ত রয়েছেন এবং ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন। এছাড়া সংস্থাটির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেমও সিপিডি থেকে বিদায় নিচ্ছেন বলে জানা গেছে।
নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ প্রায় তিন দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক গবেষণা ও নীতি বিশ্লেষণে কাজ করছেন। সিপিডিতে যোগদানের আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কান্ট্রি ইকোনমিস্ট ও নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) দীর্ঘ ২৫ বছর গবেষক ও গবেষণা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।