উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশে দলীয় নিয়োগের বিষয়ে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কয়েকটি জেলায় অনিয়মের তথ্য পাওয়া গেছে এবং তদন্ত শেষ হলে তা প্রকাশ করা হবে বলে তিনি জানান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদে নিয়োগ হয়েছে। সংশ্লিষ্ট জেলার বাসিন্দা না হয়েও অনেকে জেলা কোটার সুবিধা নিতে স্থায়ী ঠিকানা বদলেছেন। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ জেলাকে এ জন্য চিহ্নিত করা হয়েছে।
পুলিশের জনবল বাড়াতে নতুন ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১ লাখ কনস্টেবলের পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এ ছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে সব বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান চলছে এবং দ্রুতই সেগুলো উদ্ধার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও প্রত্যাশিত উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মব বা সংঘবদ্ধ সহিংসতার ঘটনা ৮৯ থেকে কমে ৫৬ হয়েছে। এ ছাড়া সংখ্যালঘুদের ঘিরে ঘটনার সংখ্যা ৯৯৯ থেকে ১৬৩টিতে নেমে এসেছে। সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ থাকলে তা সংসদে তুলে ধরার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।