উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৮৬ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশীকে সভাপতি, আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সেক্রেটারি এবং শায়খ মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও চট্টগ্রামের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণে সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন এই জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।