উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মন্ডল নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গত ৮ আগস্ট রাতে রাইস মিলের পানির পাম্প চুরির অভিযোগে শংকরকে আটকে রেখে মারধর করেন ওয়াজেদ ও তার সহযোগীরা। হাত-পা রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধরের ফলে ওই দিনমজুর গুরুতর আহত ও রক্তাক্ত হন।
আহত শংকরকে বাড়িতে পাঠানো হলেও অর্থনৈতিক সংকটের কারণে পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিতে পারেনি। স্থানীয়ভাবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াজেদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করার পর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।