উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্বালানিসংকট ও লোডশেডিংয়ের তীব্র সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ বলছেন, ‘টুকু আসে, টুকু যায়’। বিদ্যুৎ কখন আসে আর কখন যায়, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা দায় হয়ে পড়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক আলোচনায় তিনি দাবি করেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও উল্টো ৬ মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। এ সময় ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে প্রায়ই ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করছে। তিনি বিদ্রূপ করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো।