উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে কাজ পাওয়া বিদেশী প্রতিষ্ঠানের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্থানীয় প্রকল্প বা ক্রয় কর্তৃপক্ষের অনুকূলে বিদেশী কোম্পানির পক্ষে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু করতে পারবে দেশের অনুমোদিত ব্যাংকগুলো। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
তবে এই সুবিধা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট চুক্তিতে গ্যারান্টি গ্রহণের বিধান থাকতে হবে এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে স্থানীয় প্রতিষ্ঠানের বৈধ বাণিজ্যিক সম্পর্ক থাকা বাধ্যতামূলক। এছাড়া ব্যাংকের ঝুঁকি কমাতে পর্যাপ্ত জামানত বা পাল্টা নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকের প্রচলিত ঋণনীতি ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, গ্যারান্টি কার্যকর হওয়ার পর কোনো দাবি উঠলে তা সাধারণত টাকার সমপরিমাণ অর্থে নিষ্পত্তি করতে হবে। তবে চুক্তিতে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধের সুনির্দিষ্ট শর্ত থাকলে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে তা নিষ্পত্তি করা যাবে। বিদেশী কোম্পানিগুলোর কার্যক্রম আরও সহজ করার লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নির্দেশনা প্রদান করেছে।