উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
আট থেকে দশজন বাবুর্চি একযোগে সামলাচ্ছেন সুবিশাল ডেগের রান্না। প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এক বিশেষ তবারক। সাধারণ মানুষ ও ভক্তদের দাবি, বাংলাদেশে এক ডেগে এত বিপুল পরিমাণ খিচুড়ি রান্নার নজির আর কোথাও নেই—এটিই প্রথম ও বৃহত্তম।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের ঐতিহ্যবাহী জাবরা গ্রামে আজহার পীর সাহেবের দরবার শরীফ উপলক্ষে আয়োজিত হয়েছে এই অভূতপূর্ব ১০১ মণ চালের খিচুড়ি রান্না। এই বিশাল আয়োজনে তবারক প্রায় ৪০ হাজার মানুষ এই ডেগের খিচুড়ি একসঙ্গে খেতে পারে। তবারক গ্রহণকে কেন্দ্র করে জাবরা গ্রাম ও দরবার প্রাঙ্গণে নেমে এসেছে দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল।
স্থানীয় ও দরবারে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরেই এই দরবারে আসা-যাওয়া করেন। ভক্তদের বিশ্বাস ও মুখে মুখে ফেরা গল্পে জানা যায়, আন্তরিক ভক্তি ও মানত নিয়ে এই দরবারে এসে অনেকেই নিজেদের বিভিন্ন সমস্যা ও রোগ-ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন। মানত পূরণ ও পীর সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতেই দূর-দূরান্ত থেকে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি ও ধনবান মানুষের সমাগম ঘটে এই মাজার প্রাঙ্গণে।
আয়োজক ও দরবার সংশ্লিষ্টরা জানান, বিশাল এই ১০১ মণ চালের খিচুড়ি রান্না করতে একাধিক প্রধান বাবুর্চির পাশাপাশি প্রায় ৮-১০ জন সহকারী নিরলসভাবে কাজ করেন। কয়েক লক্ষ টাকা ব্যয়ে প্রস্তুতকৃত এই বিশেষ খিচুড়ি ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে গ্রহণ করেন। তবারক গ্রহণ করা এক ভক্ত অনুভূতি প্রকাশ করে বলেন, "এই ডেগের তবারক খাওয়া আমাদের জন্য অত্যন্ত বরকতময়। আমরা যা মানত করেছিলাম, মহান আল্লাহর রহমতে ও দরবারের উসিলায় তা পূরণ হয়েছে।"
ঐতিহ্য, বিশ্বাস আর সুবিশাল রান্নার এই দুর্লভ দৃশ্য দেখতে এবং দরবারের তবারক নিতে দিনভর জাবরা দরবার শরীফ প্রাঙ্গণ ছিল মুখরিত ও উৎসবমুখর।