উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন। দায়িত্ব গ্রহণের আগেই তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং এখন থেকে দেশ ও জনগণের স্বার্থই তার একমাত্র লক্ষ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম সভায় তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারো প্রতি তার কোনো ব্যক্তিগত রাগ বা অনুরাগ থাকবে না।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি রাষ্ট্রীয় সম্পদের সঠিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের আহ্বান জানান। সরকারি অর্থের অপচয় রোধে সবাইকে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি এর গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভায় তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি দেশ ও রাষ্ট্র গঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন।