উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি জানান, বিগত বছরের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতনসহ মব সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে অপরাধের হার কমেছে। এ সময় খুনের ঘটনা ২,৬০৭ থেকে কমে ২,৩৩২টিতে, নারী ও শিশু নির্যাতন ১১,২৬৯ থেকে ৯,৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪,৬৬৬ থেকে ৪,৪০২টিতে নেমে এসেছে।
মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, আগের ৮৯টি ঘটনার বিপরীতে বর্তমানে তা ৫৬টিতে নেমে এসেছে। এছাড়া সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৯৯৯টি থেকে কমে ১৬৩টিতে দাঁড়িয়েছে। সরকার এই অপরাধগুলোকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
উপকূলীয় অঞ্চলে জলদস্যু দমনে পরিচালিত 'অপারেশন রিস্টোর পিস' ও 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর সাফল্যের কথাও তুলে ধরেন মন্ত্রী। কোস্টগার্ড, র্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারসহ বহু দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসমর্পণকারী অপরাধীদের ওপর সরকার সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।