উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান সরকারের সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে তিনি জানান, বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা’ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন যে, বিগত ১৫ বছর ধরে কূটনৈতিক মিশনগুলো সরকারের কার্যকর নিয়ন্ত্রণে ছিল না। সেই সময় প্রবাসীদের সেবা ও দেশের স্বার্থ সুরক্ষায় পূর্ববর্তী সরকারের কোনো আগ্রহ দেখা যায়নি। বর্তমান সরকার সেই স্থবির অবস্থা থেকে বেরিয়ে এসে মিশনগুলোর জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে নতুন করে উদ্যোগ নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিটি দূতাবাসের কাজের মান মূল্যায়নের জন্য সরকার ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ বা কেপিআই ব্যবস্থা চালু করছে। এর ভিত্তিতেই ভবিষ্যতে মিশনগুলোর গ্রেডিং নির্ধারণ করা হবে এবং আগামী বাজেট পেশের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য ও ব্যর্থতার পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে।
একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, বর্তমান বৈশ্বিক কূটনীতির গুরুত্বের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রয়োজনীয় বাজেট বৃদ্ধি ও নীতিগত সংস্কারের মাধ্যমে বৈদেশিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।