উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ভবন নির্মাণের নকশায় অনিয়ম ও ব্যত্যয়ের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) চউকের অথোরাইজ-২ এর আওতাধীন এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় এবং একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।
অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়, যার মধ্যে জায়গার মালিককে ৭ লাখ এবং সুপারশপ কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা দিতে হয়। এছাড়া উৎসব সুপারশপকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে উৎসব সুপারশপের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত শেফ লাউঞ্জ রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নকশার ব্যত্যয় ও অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, যারা অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করছেন, তাদের আইন মেনে দ্রুত তা সংশোধন করতে হবে।