উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসনাত আবদুল্লাহর প্রশ্নকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা তিনি বুঝতে পারছেন না।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের পরিসংখ্যান নিয়ে মন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান এবং অপরাধের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঢালাওভাবে পরিসংখ্যান তুলে ধরা সংসদীয় রীতির পরিপন্থী।
মন্ত্রী আরও জানান, কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ৩০০ বিধিতে বিবৃতি দিতে প্রস্তুত। বিচার প্রক্রিয়া জুডিশিয়ারির কাজ হলেও আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় আনতে সফলভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।