উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্চ ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় চার ঘণ্টা আটকে থাকার পর তানজিব (২৫) নামের এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে পূর্ব ভূজপুর থানার ফকিরহাট এলাকায় জাতীয় গ্রিডের ওই টাওয়ার থেকে তাকে নামিয়ে আনা হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ টাওয়ারের ওপর ওই যুবককে বসে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় তাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যুবক ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের লিডার মো. কামাল উদ্দীন জানান, যুবকটির আচরণ ও শারীরিক অবস্থা দেখে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হয়েছে। উদ্ধার পরবর্তী সময়ে তাকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক-দুই মাস আগে পরিবারের সঙ্গে মাইজভান্ডার দরবার শরীফে এসে তানজিব হারিয়ে যান। বর্তমানে থানা হেফাজতে থাকা এই যুবকের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।