উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন আকস্মিক ও ঝটিকা অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেগুনবাগিচা এলাকায় সমন্বিত অভিযান পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
প্রশাসক বলেন, যারা আইন ও সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রয়োজন হলে মামলা দায়েরসহ প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
আবদুস সালাম জানান, এই অভিযানের মূল লক্ষ্য কাউকে হয়রানি করা নয়, বরং নগরের শৃঙ্খলা ও নাগরিক অধিকার রক্ষা করা। গত ছয় মাস ধরে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এরপরও যারা আইন মানছেন না, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, তালিকাভুক্ত হকারদের নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করার কার্যক্রম শুরু হয়েছে, যা বাস্তবায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এরপর নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ব্যবসা করার কোনো সুযোগ থাকবে না।
উল্লেখ্য, এসব অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ট্রেড লাইসেন্সের বৈধতা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, অবৈধ স্থাপনা এবং বিদ্যুতের অপব্যবহারের মতো বিষয়গুলোও কঠোরভাবে যাচাই করা হবে।