উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম ডিপোতে পৃথকভাবে এই সম্মেলন হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশের সম্মেলনে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় তাদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। পাশাপাশি, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কোরের ভূমিকার প্রশংসা করে তিনি প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।
পরবর্তীতে আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনেও সেনাপ্রধান বক্তব্য প্রদান করেন এবং দেশের সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট, আরভিঅ্যান্ডএফসি-র কর্নেল কমান্ড্যান্ট, সাভার এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।