উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ সংকটকে প্রাধান্য দিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শুরু হয়ে সোয়া ১টায় শেষ হওয়া এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা বর্তমান সংকট সম্পর্কে দলীয় সংসদ সদস্যদের অবহিত করেন এবং জনগণকে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সার পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম সংসদ সদস্যদের ব্রিফ করেন। বিগত সরকারের রেখে যাওয়া অবকাঠামোর কারণে এখনই বিদ্যুৎ পরিস্থিতির সমাধান সম্ভব নয় বলে প্রতিমন্ত্রী জানান। তবে লোডশেডিংয়ের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সার প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী জানান যে দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে এবং এতে বিএনপির লোকজন জড়িত থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। এছাড়া বিগত সরকারের আমলের নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নাম দেওয়ার অনুরোধ জানান তিনি।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দেওয়া এবং স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।