উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়লে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বাড়তে পারে। আগামী দুই দিন এসব নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে তিন নদীর পানিই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম শোভন এই তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়লেও ধরলা নদীর পানি কমেছে।
পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন এই তিন নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন তা স্থিতিশীল থাকতে পারে। আগামী তিন দিন রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়লেও এখনই বিপৎসীমা অতিক্রম করার কোনো শঙ্কা নেই।