উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও জনগণের কাছে সহজলভ্য করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হলেও প্রয়োজনীয় প্রচার ও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে এ সেবা অনেকটা উপেক্ষিত বলে তিনি মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের সব দাবি একদিনে আদায় করে দেওয়ার ওয়াদা আমি দেব না, তবে ন্যায্য দাবির লড়াইয়ে আপনাদের সহযোদ্ধা হিসেবে পাশে থাকব। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও ওষুধ সংকট রয়েছে, তবে এই হাসপাতালে সমস্যাটি আরও প্রকট বলে উল্লেখ করেন তিনি। হাসপাতালের ল্যাবরেটরি, গবেষণাগার, বিভিন্ন ফ্লোর ও বহির্বিভাগ ঘুরে দেখার পাশাপাশি তিনি রোগীদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতালের ওষুধ সংকট সমাধানে একটি সুস্পষ্ট ও স্থায়ী নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ সেবার জন্য একটি আইন তৈরি হওয়াই আপনাদের সবচেয়ে বড় দাবি হওয়া উচিত। হাসপাতালের একটি প্যাথলজিক্যাল মেশিন চালুর জন্য প্রয়োজনীয় ভোল্টেজ স্টেবিলাইজার ক্রয়ে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন বলে তাকে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ডা. শফিকুর রহমান বলেন, এই ছোট্ট অগ্রগতির জন্য সরকারি অনুদানের প্রয়োজন হবে না এবং আগামী শনিবারের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের হাতে অর্থ পৌঁছে যাবে।