উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধ মালামাল বহনের দায়ে দুটি কার্গো বোটসহ মোট ছয়জনকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।