উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গায়ক আসিফ আকবরের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে আসিফের মদ পান, লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে এই অভিযোগ করেন তিনি।
রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন আসিফ আকবর। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিসিবির পরিচালক হতে না পেরে তিনি ক্ষুব্ধ হয়েছেন বলেও পোস্টে দাবি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে আসিফের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা কি ঠিক ছিলো। তিনি আরও অভিযোগ করেন, আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে ঠিক শেখ হাসিনার মতো ভাষায় কথা বলেছেন।
ছোটবেলা থেকে আসিফ আকবরের গান ভালো লাগতো উল্লেখ করে রাশেদ খান বলেন, শিল্পীদের কোনো দল না থাকাই শ্রেয়। তিনি হঠাৎ কেন ক্রিকেটার সাকিব আল হাসান হতে চাইলেন তা তার বোধগম্য নয় বলে ফেসবুক পোস্টে জানান।