উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার ২৭ আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যাপক জ্বালানি সংকটের মুখোমুখি এবং এ পরিস্থিতিতে জ্বালানি ও সৌরশক্তি নিয়ে কাজ করছে চীন। এর মাধ্যমে দেশের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর সফরের পর গত দুই মাসে চট্টগ্রামে চীন-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। এছাড়া মোংলা বন্দর প্রকল্প, তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসিক হল ও এক হাজার শয্যার হাসপাতাল প্রকল্প এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, চীন অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতায় বর্তমানে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এবং যৌথ ইশতেহারের মাধ্যমে নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।