উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরা এলাকায় একটি ডেভেলপারস কোম্পানির হিসাব রক্ষকের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টরে সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এই ছিনতাই হয়।
নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিকশা থামানোর সংকেত দেয় এবং পরবর্তীতে আরও তিনজন সেখানে এসে হাজির হয়।
এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে পিস্তল বাবু পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। কোম্পানির এমডি মো. মনির হোসেন জানান, সুজন রাজউকের ফি দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার পথে এই ছিনতাইয়ের শিকার হন এবং এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।