উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে সরকারি দলের সফলতার দাবিকে নাকচ করেছে। বিরোধী দলগুলোর মতে, দেশের বর্তমান জনদুর্ভোগ, গ্যাস-বিদ্যুতের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এই সরকারকে কোনোভাবেই সফল বলার সুযোগ নেই।
আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসভবনে ১১-দলীয় ঐক্যের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন বেলা ৩টায় রাজধানীর শাহবাগ থেকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংসদমুখী পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইনের খসড়ায় মানবাধিকার সুরক্ষাকে দুর্বল করার চেষ্টা চলছে। এছাড়া, 'জুলাই সনদ' অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে না দিয়ে সরকার চাপের মুখে রাখার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।