উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ৫৫তম জশনে জুলুস। সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। ১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) প্রবর্তিত এই জুলুসে এবার নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ।
শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা ও লালখান বাজার হয়ে পুনরায় নির্ধারিত পথে ফিরে শেষ হয়। ভোর থেকেই হামদ, নাত ও দরুদ শরিফের সুরে মুখর হয়ে ওঠে পুরো নগরী। বিগত বছরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক বিশেষ সতর্কতায় দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, লাখো মানুষের অংশগ্রহণে এবার কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে জুলুস শেষ হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো পথজুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি ও খাবার বিতরণ করা হয় এবং নগরীকে সাজানো হয় বর্ণিল সাজে।