উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের ৫৪ দশমিক ৯৯ একর জমি ও অবকাঠামো এখন অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে ব্যবহৃত হবে। দীর্ঘদিন বন্ধ থাকা এই রাষ্ট্রায়ত্ত মিলটির সম্পদ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রতীকী মূল্যে হস্তান্তর করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার মিল প্রাঙ্গণে এই হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই জমিতে বিওএফের নতুন প্ল্যান্ট, কৌশলগত সামরিক অবকাঠামো এবং গোলাবারুদ উৎপাদনের উচ্চপ্রযুক্তির কারখানা গড়ে তোলা হবে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুর রহমান রাজীব।
এদিকে কারখানা হস্তান্তরের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন জলিল টেক্সটাইলের সাবেক শ্রমিক-কর্মচারীরা। শ্রমিক ইউনিয়নের দাবি, ২০০৪ সালে মিলটি বন্ধ হওয়ার পর থেকে ১ হাজার ৭৩ জন শ্রমিকের বকেয়া পাওনা ২০ কোটি ৫৭ লাখ টাকা এখনো পরিশোধ করা হয়নি। তাদের অভিযোগ, পাওনা পরিশোধ না করে এভাবে জমি হস্তান্তর করা অমানবিক এবং এর প্রতিবাদে তারা কর্মসূচি পালন করবেন।