উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বুধবার সকালে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের সহায়তায় ‘ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশ’ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বৈদ্যপাড়ার একটি পরিবার বানরটিকে খুঁজে পায়। পরে সেটিকে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে দেয় তারা। খবর পেয়ে বুধবার সকালে বন কর্মকর্তাদের নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় জানান, লজ্জাবতী বানর একটি বিপন্ন প্রজাতি। তিনি বন্যপ্রাণী লোকালয়ে দেখলে তা আটক বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধার করা বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর উপযুক্ত পরিবেশে সেটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।