উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজতর করতে এবং সেবার মান বাড়াতে ঢাকায় দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
দূতাবাস জানিয়েছে, নতুন এই কেন্দ্র চালুর পর সাধারণ ভিসার আবেদন জমা দেওয়া এবং পাসপোর্ট ফেরত পাওয়ার কাজ শুধু কেভিএসির মাধ্যমেই সম্পন্ন হবে। তবে কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন এবং পাসপোর্ট বিতরণের কার্যক্রম আগের মতোই সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালিত হবে।
নতুন ব্যবস্থায় ভিসা আবেদনের জন্য আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নিয়ম ও তারিখ আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার দূতাবাসের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মতো সেবাগুলো আগের নিয়মেই দূতাবাস থেকে পাওয়া যাবে। আবেদনকারীদের ভিসা সংক্রান্ত পরবর্তী সব নির্দেশিকা ও আপডেট নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া দূতাবাস।