উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হাজারো ভক্ত-আশেকানের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমনের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বিশ্বনবীর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি, সাম্য, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর শাহজাদা রহমান বাধন। অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ আশেকানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।