উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর নিকেতন ও কুড়িল এলাকায় অভিযান চালিয়ে এসিটিক অ্যানহাইড্রাইডসহ ছয় লিটার রাসায়নিক পদার্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ই-কেমের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএনসি।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের পক্ষ থেকে ই-কেমের অনলাইন প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার করা হয়। অর্ডার নেওয়ার সময় ক্রেতার কাছ থেকে নিয়ন্ত্রিত রাসায়নিক কেনার প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্সসংক্রান্ত কোনো নথি চাওয়া হয়নি। পরে ঢাকার নিকেতন এলাকায় পণ্য পৌঁছালে সেখানে অভিযান চালিয়ে পার্সেল থেকে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড ও ১ লিটার এসিটোন জব্দ করা হয়।
ডেলিভারিম্যানকে জিজ্ঞাসাবাদ করে প্রতিষ্ঠানটির কার্যালয় কুড়িলের প্রগতি সরণি এলাকায় বলে জানতে পারে গোয়েন্দা দল। গত ২৪ আগস্ট কুড়িলের প্রগতি সরণি এলাকায় ই-কেমের কার্যালয়ে অভিযান চালিয়ে আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। সেখানে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির কাগজপত্র পাওয়া যায় এবং এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসিটিক অ্যানহাইড্রাইড মরফিন থেকে হেরোইন উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহার হতে পারে। বৈধ শিল্প ও বাণিজ্যিক ব্যবহার থাকলেও এসব রাসায়নিক অবৈধ মাদক উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া জব্দ করা রাসায়নিকের উৎস, সরবরাহ ব্যবস্থা, ক্রেতা এবং সম্ভাব্য ব্যবহার শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।